মাদক বহনে অটো চালকের যাবজ্জীবন ও অস্ত্র রেখে যুবকের ১০ বছর কারাদণ্ড

লাইভ রিপোর্ট ৩১ আগস্ট ২০২৫, ০২:৪৯ অপরাহ্ণ
মাদক বহনে অটো চালকের যাবজ্জীবন ও অস্ত্র রেখে যুবকের ১০ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আকতারুল ইসলাম নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অপরদিকে ২০২৩ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া অপর একটি মামলায় রবিউল ইসলাম নামে অটো রিকার এক চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রোববার দুপুরে বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ও দায়রা জজ মো. মিজানুর রহমান আলাদাভাবে মামলা দুটির রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।  

অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আকতারুল ইসলাম জেলার ভোলাহাট উপজেলার বড়জামবাড়িয়া গ্রামের মো. এন্তাজ আলীল ছেলে। অন্যদিকে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর-কাচারীর আনোয়ার হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ১৩ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দুটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আকতারুলকে গ্রেফতার করে।পরের দিনই র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২১ সালের ৩১ জানুয়ারি শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত আজ তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। রায়ে উল্লেখ করা হয়- অভিযুক্তের কাছে থাকা আগ্নেয়াস্ত্রগুলো মরিচা ধরা হওয়ায় সর্বনিম্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আবদুল ওদুদ অপর মামলা এজাহারের বরাত দিয়ে জানান, ২০২৩ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার বটতলাহাট-শান্তিমোড় সড়কের চৌধুরীমোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায় র‌্যাব। এ সময় একটি অটো রিকশায় তল্লাশী চালিয়ে এক কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়।পর দিনই র‌্যাবের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন সদর পুলিশ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম।  

 

Read more — আইন-আদালত
← Home