লিটন-সাইফে রেকর্ডগড়া জয় বাংলাদেশের

লাইভ ডেস্ক ৩১ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ণ
লিটন-সাইফে রেকর্ডগড়া জয় বাংলাদেশের

জয়ের দৃশ্যপটটা বল হাতে আগেই তৈরি করে দিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। ক্যারিয়ারে তৃতীয়বার চতুর্থ উইকেট পাওয়ার দিনে বাংলাদেশের জয়ের নায়কও এই ডানহাতি পেসার। নেদারল্যান্ডসের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় লিটন দাস ও সাইফ হাসানের আগ্রাসী ব্যাটিংয়ে ৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। 

লক্ষ্য তাড়ায় (বল হাতে রেখে) এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জয়। এর আগে ৫০ ও ৪৮ বল হাতে রেখে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য ১০৫ ও ৭৩ রানের লক্ষ্য ছিল। 

সিলেটে ১৩৭ রানের লক্ষ্যে নেমে ইনিংসের শুরুতে আগ্রাসী মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ৩ বলে ৩ চার মেরে বাংলাদেশের ইনিংসের সূচনা করেন পারভেজ হোসেন ইমন। প্রথম ওভারে ১৪ রান তোলা ইমন ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ১৫ রানে আরিয়ান দত্তের বলে বোল্ড হয়ে ফেরেন।

ইমন দ্রুত ফিরে গেলেও অধিনায়ক লিটন দাস ক্রিজে নেমে আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন। পাওয়ার প্লেতে ডাচ বোলারদের ওপর চড়াও হয়ে ১ উইকেটে ৫৭ রান তোলেন লিটন-তানজিদ তামিম জুটি।

পাওয়ার প্লের পর রানের গতি আরও বাড়াতে থাকেন এ দুজন। তবে ইনিংসের দশম ওভারে ২৪ বলে ২৯ রান করা তামিম বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলের বলে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় ৯২ রানে দ্বিতীয় উইকেট হারলেও বাংলাদেশের রানের গতি কমতে দেননি সাইফ হাসান ও লিটন দাস। 

আগ্রাসী ব্যাটিংয়ে ১১তম ওভারে দলীয় এক শ রান পার করার পর ২৫ বলে ফিফটির দেখাও পেয়ে যান লিটন দাস। অধিনায়কের ফিফটির পর জ্বলে উঠেন ৪ বছর পর দলে ফেরা সাইফ হাসান। ১ চার ও ৩ ছক্কায় ১৯ বলে ৩৬ রান করে ১৪তম ওভারেই বাংলাদেশের ৮ উইকেটের জয় নিশ্চিত করেন সাইফ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন লিটন। 

এর আগে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের বোলিং তোপে ২০ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। 

Read more — খেলাধুলা
← Home