চাঁপাইনবাবগঞ্জে মৃদু ভূমিকম্প অনুভূত

লাইভ রিপোর্ট ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে মৃদু ভূমিকম্প অনুভূত

চাঁপাইনবাবগঞ্জে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পের মাত্রা ছিল খুবই কম। 

স্থানীয়রা জানান, বহুতল ভবনের উপরের তলাগুলোতে অবস্থানরতরা ভূমিকম্প টের পেয়েছেন। মাত্র দুই-তিন সেকেন্ড স্থায়ী ছিল এ কম্পন। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতি বা আতঙ্কের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, ‘প্রাথমিকভাবে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে।’

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

 

Read more — স্থানীয়
← Home