৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

লাইভ রিপোর্ট ৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ণ
৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের প্রারম্ভিক পদ নবম গ্রেডে উন্নীতসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শিক্ষকদের অপর তিন দাবি হচ্ছে- আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ, বিদ্যালয় পরিদর্শন শাখার শূন্যপদে নিয়োগ, পদোন্নতিও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরি আদেশ প্রদান। 

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস), চাঁপাইনবাবগঞ্জ শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়েন বাসমাশিস’র রাজশাহী অঞ্চলের কোষাধ্যক্ষ নাসির উদ্দীন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষকের জন্য পদন্নোতিযোগ্য পদ মাত্র ৪ শতাংশ। যৌক্তিক কোন পদসোপান না থাকায় ৩২ বছর চাকরির পর অধিকাংশ শিক্ষক পদোন্নতি ছাড়াই অবসরে যান। এ বিষয়ে আদালতের একাধিক রায়ের পরেও শিক্ষক-কর্মকর্তারা পদোন্নতি, পদমর্যাদাসহ ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় জরুরিভিত্তিতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করে শিক্ষকদের ন্যায্য প্রাপ্য দেয়ার দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাসমাশিস’র রাজশাহী অঞ্চলের সভাপতি এ জেড এম শামিউল হক, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি শফিউল আজমসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং এন্ট্রিপদ ৯০ গ্রেড বাস্তবায়ন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ শাখা আহ্বায়ক লিনস হাঁসদা। 

 

Read more — স্থানীয়
← Home