‘জামায়াত যে সর্বজনীন দল তা প্রমাণিত হয়েছে’

সনাতন ধর্মালম্বীদের যোগদান প্রসঙ্গে লতিফুর রহমান

লাইভ রিপোর্ট ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ণ
‘জামায়াত যে সর্বজনীন দল তা প্রমাণিত হয়েছে’

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগ দিয়েছেন ২৫ জন সনাতন ধর্মলম্বী। রোববার জেলা জামায়াতের কার্যালয়ে এসে তারা সমর্থক ফরম পূরন করেন। বিষয়টি উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

জেলার শীর্ষস্থানীয় জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমানের হাত ধরেই ওই ২৫ জন যোগ দিয়েছেন দলে। লতিফুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জোন সহকারী। তিনি  চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যও ছিলেন। 

জামায়াতে ইসলামীতে সনাতন ধর্মালম্বীদের যোগদানের বিষয়টিকে খুবই স্বাভাবিকভাবে দেখছেন অধ্যাপক লতিফুর রহমান। সোমবার দুপুরে চাঁপাই লাইভকে তিনি বলেন, জামায়াত ইসলামী যে সার্বজনীন দল- এ যোগদানের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠণতন্ত্রের ১২ ধারায় উল্লেখ রয়েছে কীভাবে অমুসলিমরা দলটির সদস্য বা সমর্থক হবেন। যেটিকে আমরা জামায়াতের অমুসলিম শাখা হিসেবে চিহ্নত করি। সেই ধারা অনুযায়ীই ওই ২৫ জন জামায়াতে যোগ দিয়েছেন।তিনি আশা প্রকাশ করেন, চাঁপাইনবাবগঞ্জে ধীরে ধীরে জামায়াতের অমুসলিম শাখা আরও সমৃদ্ধ ও আরও শক্তিশালী হবে।  

জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১২ ধারায় উল্লেখ করা হয়েছে- ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির সঙ্গে একমত পোষন করিলে বাংলাদেশের যেকোন অমুসলিম নাগরিক ইহার সহযোগী সদস্য/সদস্য হইতে পারিবেন।’

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম সদস্যদের জন্য আলাদা ফরম রয়েছে। গত বছরের ২৬ অক্টোবর ফরমটি প্রকাশ করা হয়েছে। সেখানে বিভিন্ন সাংগঠনিক নীতির পাশাপাশি প্রাধান্য পেয়েছে ৪টি শপথ। এ চারটি শপথ হচ্ছে- ১. বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য/সদস্যা হিসেবে জামায়াতের নিয়মশৃঙ্খলা ও সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সাথে মানিয়া চলিব। ২. জামায়াতের রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নকে গুরুত্ব প্রদান করিব। ৩. বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিবার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা পালন করিব। ৪.  উপার্জনে অবৈধপন্থা অবলম্বন করিব না।

 

Read more — স্থানীয়
← Home