২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭

লাইভ ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬৭ জনের মৃত্যু হলো। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৩৯ হাজার ৮৩৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৪১ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৩৭ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন ভর্তি হয়েছেন।

এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। এর আগে, গতকাল বুধবার ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়।

Read more — জাতীয়
← Home