শিবগঞ্জে বুনো শূকরের কামড়ে আহত ৬

আতিক ইসলাম সিকো ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
শিবগঞ্জে বুনো শূকরের কামড়ে আহত ৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে আসা বুনো শূকরের কামড়ে অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি আহতের সংখ্যা আরও বেশি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এটি খুবই দুঃখজনক একটি ঘটনা।

আহতরা হলেন- উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা গ্রামের দাউদ মেম্বারের ছেলে মিজানুর রহমান (৬৫), মৃত লোকমান হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৬০), মইমুল হকের ছেলে রুমন আলি (২৫), তালিব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৫), চরপাঁকা গ্রামের আকমুল হোসেনের ছেলে খাদেমুল ইসলাম (৩৫), কটাপাড়া গ্রামের জালালের স্ত্রী শেফালী বেগম (৩৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ভারত থেকে একটি বুনো শূকর গ্রামে ঢুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাড়া করলে সে অন্তত ৬ জনকে কামড়ে দেয়। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

ওই এলাকার আইনজীবী আশফাকুর রহমান ও স্কুল শিক্ষক আব্দুল বারী জানান, গত কয়েক বছর ধরেই ভারত থেকে বুনো শূকরের দল আসে চরপাঁকা গ্রামে। শূকরের দল ফসলের ক্ষতিও করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে যেন আর সাধারণ মানুষ বুনো শূকরের দ্বারা আহত না হয় সেটি নিশ্চিত করা হবে। একই সঙ্গে ফসলের ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থাও নেয়া হবে। 

 

Read more — স্থানীয়
← Home