শিবগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর নিয়ে যা জানা গেল

লাইভ রিপোর্ট ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ
শিবগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর নিয়ে যা জানা গেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোটিকোরি এলাকায় শুক্রবার একটি মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ এটিকে ‘ধর্মীয় আক্রমণ’ হিসেবে চিহ্নিত করেন। বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে চাঁপাই লাইভ ফ্যাক্ট চেক টিম। আজ শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী সার্বজনীন দূর্গা মন্দিরে নির্মিয়মান প্রতিমা ভাঙচুর হয় বা ভেঙে যায়। এরপর সন্ধ্যার দিকে বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় একটি প্রতিমার মাথা ভেঙ্গে মাটিতে পড়ে আছে। হাতের আঙুলও কিছুটা ভাঙা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে কেউ কেউ ধর্মীয় হিংসাত্মক ক্যাপশনও দিয়েছেন। তবে ঘটনা অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পুলিশের সঙ্গে কথা বলেছে চাঁপাই লাইভ। তাদের কেউ-ই ঘটনাটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে চিহ্নিত করেন নি। ওই মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার শীল বলেন, মণ্ডপে প্রতীমা তৈরির কাজ চলমান ছিল। তবে মন্দিরটি খুব বেশি সুরক্ষিত নয়। মন্দিরের সামনে খেলার সময় ১০ বছরের কম বয়সের দুই শিশুর কাছে প্রতীমাটি ভেঙে যায়। এটিকে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে নিয়েছি। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা আহ্বায়ক কমল ত্রিবেদি বলেন, যেহেতু প্রতীমা ভেঙে গেছে, তাই ওই শিশুদের পরিবার কিছুটা ক্ষতিপূরণ দিয়েছে। পুলিশের উপস্থিতিতে আমরা এটা নিয়েছি। আমরা চাই সবখানে সম্প্রীতি বজায় থাকুক। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিও একই দাবি করেছেন। তিনি বলেন, ঘটনাটি শিশুদের খেলার সময়ই ঘটেছে। আমরা ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছি। শিশুরা খারাপ কোন উদ্দেশ্য নিয়ে কিছু করেনি। এ বিষয়ে আমাদের কোন অভিযোগও নেই। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে অনেক মানুষের সঙ্গে কথা বলে পুলিশ সদস্যরা। তাদের কেউ-ই ঘটনাটিকে উদ্দেশ্যমূলক বলেনি। আমরা উপস্থিত থেকে ঘটনার সমাধান করে দিয়েছি। বিষয়টি কোনভাবেই ধর্মীয় নয়। তিনি আরও বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে হিন্দু-মুসলিমদের একটা সম্প্রীতি রয়েছে।

Read more — স্থানীয়
← Home