পূজায় নতুন শাড়ি পেয়ে আবেগ আপ্লুত রবিদাস নারীরা

চাঁপাইনবাবগঞ্জে চাঁদলাই-চামারপাড়া

লাইভ রিপোর্ট ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ণ
পূজায় নতুন শাড়ি পেয়ে আবেগ আপ্লুত রবিদাস নারীরা

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই চামারপাড়া মহল্লার রবিদাস পরিবারের ৩০ জন নারীর মাঝে দুর্গা পূজা উপলক্ষে শাড়ী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে এসব শাড়ি বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’। 

শাড়ি বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুকা বেগম, সহ-সভাপতি শিরিন বেগম, সাধারণ সম্পাদক মনোয়রা খাতুন, সহ-সম্পাদক ছবি রানী, সদস্য বিলকিস চৌধুরী, নাদিরা বেগম, শাহনাজ রুমী, লিপি রায়, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, চামারপাড়া মহল্লার মোড়ল নিত্য দাস প্রমুখ।

পূজায় নতুন শাড়ি উপহার পেয়ে ৬২ বছর বয়সী বিধবা নারী চঞ্চলা রবিদাস আবেগ আপ্লুত হয়ে পড়েন।। তিনি বলেন, ‘হামারঘে এ পাড়ার বিধবা নারী বা ছ্যালাপিল্যাকে পূজা উপলক্ষে কেহু কুনুদিন কোন শাড়ি-কাপড় বা পোশাক দেয়নি। হামারঘে কথা কেহু ভাবে না। কিন্তু আইজ পূজা উপলক্ষে হামরা শাড়ি পাইনু। কিযে ভালো লাগছে কহ্যা বুঝাইতে পারবো না। যারা কাপড় দিল তারঘে লাইগ্যা ম্যালা ভালোবাসা।’ 

শাড়ি পেয়ে ৭০ উর্ধ্ব বয়সের তারামুনি রবিদাস বলেন, যুদ্ধের সময় হামার স্বামীকে পাঞ্জাবিরা গুলি করে  ম্যারাছিল। সে সময় থাইক্যা হামার দুই ব্যাটাকে অনেক কষ্ট কইরা মানুষ কইরা যাচ্ছি। যারা হাঁরাকে শাড়ি দিল তারাকে ধন্যবাদ হামরাকে মনে কইর্যা কাপড় দেয়ার লাইগ্যা। 

সংগঠনের সভাপতি ফারুকা বেগম বলেন, আমরা কিছু নারীরা মিলে জাগো নারী বহ্নিশিখা নামের একটি সংগঠন করেছি। আমাদের উদ্দেশ্যে অসহায়, দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। প্রতি ঈদে ও পূজায় আমরা এসব নারীদের মাঝে কাপড় বিতরণ করে থাকি।

 

Read more — স্থানীয়
← Home