চাঁপাইনবাবগঞ্জ ‘সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে’ থাকার অভিযোগ প্রত্যাখ্যান

লাইভ রিপোর্ট ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ ‘সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে’ থাকার অভিযোগ প্রত্যাখ্যান

আসন্ন দুর্গাপূজায় ‘চাঁপাইনবাবগঞ্জ সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে আছে’ এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে পূজা উদযাপন পরিষদ ও পুলিশ। তারা বলছে- দুর্গাপূজাকে ঘিরে জেলায় বড় ধরণের অপ্রীতিকর ঘটনার কোন আশঙ্কা নেই। 

রোববার বিকালে চাঁপাই লাইভকে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ এ কথা জানিয়েছেন। 

এর আগে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকির কথা জানায় ‘সম্প্রীতি যাত্রা’ নামে একটি সংগঠন। সংগঠনটির দাবি আসন্ন দুর্গাপূজায় ঢাকাসহ ৫টি জেলা উচ্চ ঝুঁকিতে এবং চাঁপাইনবাবগঞ্জসহ ২৪ জেলা মাঝারি ঝুঁকিতে রয়েছে। 

বিষয়টি নিয়ে রোববার বিকালে চাঁপাই লাইভ’র পক্ষ থেকে জানতে চাওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজের কাছে। তিনি বলেন, আমাদের কাছে যে গোয়েন্দা প্রতিবেদন আছে, তাতে এমন আশঙ্কার কিছু নেই। আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। এখন থেকেই মণ্ডপে মণ্ডপে পুলিশ যাচ্ছে। বাড়ানো হয়েছে টহলও। কোথাও কোন অসঙ্গতি নেই। তিনি বলেন, সনাতন ধর্মবলম্বীদের সঙ্গে পুলিশ একাধিক বৈঠক করেছে। তারা যেভাবে নিরাপত্তা চেয়েছে সেভাবেই ব্যবস্থা করা হয়েছে। তারাও কোন রকম অপ্রীতিকর ঘটনার আশঙ্কা প্রকাশ করেন নি। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, সম্প্রীতি যাত্রা কোন তথ্যের ভিত্তিতে বলেছে এ নিয়ে আমাদের কোন মতামত নেই। তবে আমরা মনে করছি যে, চাঁপাইনবাবগঞ্জে আনন্দঘন পরিবেশে সবাই মিলে পূজা শেষ করতে পারবো। পুলিশের পক্ষ থেকেও আমাদের বলা হয়েছে যে কোন আশঙ্কা নেই। আমরাও মনে করি কোন হুমকি বা আশঙ্কা করার মতো অন্য কিছু নেই। তিনি আরও বলেন, সংগঠনটা (সম্প্রীতি যাত্রা) সম্পর্কে আমরা তেমন অবগতও নই। কালকে নাকি তারা সংবাদ সম্মেলন করে চাঁপাইনবাবগঞ্জকে বলেছে। তাদের কাছে আসলে কী তথ্য আছে তা-তো আমরা বুঝতে পারছি না।  

Read more — স্থানীয়
← Home