জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠাল ডাক বিভাগ

চাঁপাইনবাবগঞ্জ

লাইভ রিপোর্ট ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠাল ডাক বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় ডাক বিভাগের এমন দায়িত্বহীন কাণ্ডে রীতিমত অবাক হয়েছেন ওই গ্রাহক। প্রেরকের কাছ থেকে রোববার সরাসরি চিঠিটি হাতে পাওয়ার পর সোমবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি শেয়ার করেছেন তিনি।

ওই প্রাপকের নাম গোলাম মোস্তফা মন্টু। তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। গোলাম মোস্তফা মন্টু চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব করছেন। 

গোলাম মোস্তফা মন্টু বলেন, ঘটনাটি গত এপ্রিল মাসের। ওই সময় আমি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তখন আয়কর বিভাগের আইনজীবী এফ কে এম লুৎফর রহমান আমার কাছে একটি চিঠি পাঠান। ঠিকানার সঙ্গে আমার মোবাইল নম্বরও দেয়া ছিলো ওই চিঠির খামে। কিন্তু ডাক বিভাগের কেউ-ই আমার সঙ্গে যোগাযোগ না করে চিঠিটি ফেরত পাঠায়। চিঠির খামের উপর লাল কালিতে লেখা হয় ‘প্রাপক মৃতবরণ করায় ফেরত’।  

তিনি আরও বলেন, গতকাল (রোববার) ওই আইনজীবীর সঙ্গে দেখা হলে চিঠি ফেরতের বিষয়টি জানান আমাকে। ফেরত যাওয়া চিঠিটি দেখে আমি রীতিমত হতবাক হয়েছি। 

চিঠিটি পাঠানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার ঠিকানায়। ওই রুটে ডাক বিভাগের চিঠি বিলি করেন আমিনুল ইসলাম। চাঁপাই লাইভ’র পক্ষ থেকে বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে উল্টো জানতে চান ‘উনি কি বেঁচে আছেন?” পরে আমিনুল ইসলাম বলেন, ফেসবুকে ওনার মৃত সংবাদ দেখে চিঠিটি ফেরত পাঠানো হয়েছিল।

 

Read more — স্থানীয়
← Home