দ্বিতীয়দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

লাইভ রিপোর্ট ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
দ্বিতীয়দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

বেতন বাড়ানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের কয়েকটি পরিবহনের বাস চলাচল দ্বিতীয়দিনের মতো বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে হানিফ এন্টারপ্রাইজ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস ও গ্রামীণ ট্রাভেলসের কোন বাস ছেড়ে যায়নি চাঁপাইনবাবগঞ্জ থেকে। 

তবে উদ্ভুত পরিস্থিতি নিরসনে মালিক পক্ষের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় গেছেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরের শ্রমিক নেতৃবৃন্দ। 

বাস চালক ও শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে সোমবার থেকে কর্মবিরতি শুরু করে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের চালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা। ফলে এসব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।  বাস চালকদের দাবি, গত ১৫ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজাদের বেতন বাড়ানো হয়নি। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। এ টাকায় তাদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে।   দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। 

২১ সেপ্টেম্বর বাসস্টাফদের সঙ্গে মালিকপক্ষের বসার কথা ছিলো। কিন্তু হঠাৎ করে সেই তারিখ পরিবর্তন করে মালিক পক্ষ। এতে হতাশ করে বাসস্টাফরা ধর্মঘট পালন করছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, চালকসহ বাস স্টাফরা তাদের দাবির পক্ষে অনড় অবস্থানে রয়েছে। স্থানীয়ভাবে তাদের বিষয়টি সমাধান করা সম্ভব নয়। উদ্ভুত পরিস্থিতিতে বাসের মালিকপক্ষ বৈঠক ডেকেছেন ঢাকায়। আমরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার শ্রমিক নেতৃবৃন্দ ঢাকায় এসেছি। বিকাল ৩ টায় মালিক পক্ষের সঙ্গে বৈঠক হবে। 

তিনি বলেন, আমরা চাই আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হোক।

Read more — স্থানীয়
← Home