চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চালকদের কর্মবিরতি প্রত্যাহার

লাইভ রিপোর্ট ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চালকদের কর্মবিরতি প্রত্যাহার

বেতন বাড়ানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের কয়েকটি পরিবহনের বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজারদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকালে মালিকপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের আলোচনা সভায় বেতন বাড়ানোর আশ্বাসের পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। 

ওই সভায় উপস্থিত চাঁপাইনবাবগঞ্জের ট্রাক ট্যাংকলরি লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

সাইদুর রহমান বলেন, সভায় উভয়পক্ষই আন্তরিকভাবে নিজেরে যুক্তি তুলে ধরেন। পরে মালিক পক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দেন। তবে চালক ও সুপারভাইজাররা যে বেতন দাবি করেছেন তার পুরোটা পূরণ করা যাবে না বলে জানিয়েছে মালিকপক্ষ। বর্তমান বেতন ও চাহিদা বেতনের মাঝামাঝি একটা নির্ধারণ করা হয়েছে। চালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা এ দাবি মেনে নিয়েছেন।  

এর আগে সোমবার থেকে বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করে হানিফ এন্টারপ্রাইজ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস ও গ্রামীণ ট্রাভেলসসহ বিভিন্ন পরিবহনের চালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা। তাদের দাবি, গত ১৫ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজাদের বেতন বাড়ানো হয়নি। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। এ টাকায় তাদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে।   দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। 

Read more — স্থানীয়
← Home