আন্দোলন করে বেতন কত বাড়ল বাস চালকদের?

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুট

লাইভ রিপোর্ট ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
আন্দোলন করে বেতন কত বাড়ল বাস চালকদের?

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা এবং চট্টগ্রাম রুটের চালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে সফল হয়েছেন।  আন্দোলনের অংশ হিসেবে ৩৬ ঘণ্টার বেশি কর্মবিরতি পালন করেন তারা।  এরপরই মালিকপক্ষ তাদের দাবি মেনে নিতে সম্মত হয়। 

আন্দোলন করে কতটা বেতন আদায় করতে পারলেন বাস চালকসহ অন্যান্য কর্মীরা, সেটাই এখন আলোচনার বিষয়। 

বাস মালিক পক্ষ বলছে- বাস চালক ও অন্য কর্মীরা রীতিমত জিম্মি করে দাবি আদায় করেছে।  কারণ কোন ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয়ায় একদিকে যেমন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন মালিকরা, তেমনি যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছিল।  চরমে পৌঁছে যাত্রী দুর্ভোগও।  অন্যদিকে বাস চালক ও সুপারভাইজারদের দাবি- জিম্মি করে নয় বরং তারা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন।  পরিবহন সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা ও চালকদের সঙ্গে কথা বলেছে চাঁপাই লাইভ।  তারা জানান, আগে দূরপাল্লার প্রতি ট্রিপের জন্য চালককে বেতন হিসেবে দেয়া হতো ১৩৫০ টাকা।  এখন চালকদের বর্ধিত বেতন হবে ১৭৫০ টাকা।  অন্যদিকে আগে প্রতি ট্রিপে সুপারভাইজাররা পেতেন ৬২৫ টাকা ও চালকের সহকারীরা পেতেন ৬০০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে ৭৫০ ও ৬৫০ টাকা।  

এছাড়াও শর্ত সাপেক্ষে প্রতি ট্রিপেই থাকবে ইনসেনটিভ ব্যবস্থা।  প্রতি ট্রিপে যাত্রীদের সব আসনের টিকিট বিক্রি হলে কর্মীরা (চালক, চালকের সহকারী ও সুপারভাইজার) দুটি আসনের টিকিটের সমপরিমাণ টাকা ইনসেনটিভ হিসেবে পাবেন। 

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, উভয়পক্ষ বসে যে সমঝোতায় এসেছে এটি বাস্তবায়ন হোক এটাই আমরা চাই। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, বর্ধিত বেতন পেয়ে খুশি হয়েছেন বাস স্টাফরা। 

 

Read more — স্থানীয়
← Home