বীরকন্যা প্রীতিলতা স্মরণে আলোচনা-কুইজ প্রতিযোগিতা

বাবুডাইং আলোর পাঠশালা

লাইভ রিপোর্ট ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ণ
বীরকন্যা প্রীতিলতা স্মরণে আলোচনা-কুইজ প্রতিযোগিতা

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বাবুডাইং আলোর পাঠশালায়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা এ কর্মসূচির আয়োজন করে। 

বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে তিনটি বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু, শিরিনা খাতুন, শিক্ষার্থীদের মধ্যে  দশম শ্রেণীর ইসরাত জাহান, নবম শ্রেণীর সাকিবুল হাসান, সপ্তম সিমা খাতুন, ইয়াসির আরাফাত, চতুর্থ শ্রেণীর মরিয়ম খাতুন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ।

শেষে বিজয়ীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বিভাগে প্রথমস্থান অধিকার করে চতুর্থ শ্রেণীর মুসলিমা খাতুন, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণীর মারুফা খাতুন ও উম্মে হাবিবা এবং তৃতীয় স্থান অধিকার করে চতুর্থ শ্রেণীর মরিয়ম খাতুন।

অন্যদিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী বিভাগে প্রথম স্থান অধিকার করে সপ্তম শ্রেণীর ইয়াসির আরাফাত, দ্বিতীয় স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীর নিতলি রানি, তৃতীয় স্থান অধিকার করে সপ্তম শ্রেণীর সিমা খাতুন। অষ্টম থেকে দশম শ্রেণীর ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীর মরিয়ম খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করে নবম শ্রেণীর সুফিয়া খাতুন ও তৃতীয় স্থান অধিকার করে যৌথভাবে দশম শ্রেণীর সুরমিলা হাঁসদা, ইসরাত জাহান, ববিতা সাইচুরি, নবম শ্রেণীর মৌমিতা হাসদা। এছাড়া প্রীতিলতা সম্পর্কে বক্তব্য দিয়ে পুরস্কার জিতে নেয় চতুর্থ শ্রেণীর মরিয়ম খাতুন, সপ্তম শ্রেণীর ইয়াসির আরাফাত, সিমা খাতুন, নবম শ্রেণীর সাকিবুল হাসান ও দশম শ্রেণীর ইসরাত জাহান।

প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে জন্মগ্রহন করেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন এক বিপ্লবী নারী। 

সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগ দেন প্রীতিলতা। ১৯৩২ খ্রিষ্টাব্দে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণে ১৫ জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত। এই সময়ে একজন নিহত ও ১১ জন আহত হন। বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করেন এবং পরে ঔপনিবেশিক পুলিশের হাতে ধরা পড়েন। গ্রেফতার এড়াতে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।

 

Read more — স্থানীয়
← Home