গোমস্তাপুরে বিএনপি নেতার স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য

লাইভ রিপোর্ট ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ণ
গোমস্তাপুরে বিএনপি নেতার স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য
বিএনপি নেতা আব্দুল গনি ওরফে গনি হামিদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিএনপি নেতা আব্দুল গণি ওরফে গণি হামিদের স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাশিপুর এলাকার নিজ বাড়ি থেকে গণি হামিদের স্ত্রী বিলকিস আরা’র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আত্মহত্যার অভিনয় করতে গিয়ে’ মারা গেছেন বিলকিস আরা। 

আব্দুল গণি ওরফে গণি হামিদ গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে। 

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, বেলা ৩ টার দিকে বিলকিস আরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার কিছু অশান্তি ছিলো। যেগুলো আপাততঃ আমরা ডিসক্লোজ (প্রকাশ) করছি না। তবে মরদেহ দেখে মনে হয়েছে তিনি আত্মহত্যা করতে চাননি বরং আত্মহত্যার অভিনয় করতে গিয়ে মারা গেছেন। ওসি আরও বলেন, যে ঘরে বিলকিস আরা আত্মহত্যা করেন সে ঘরের দরজা খোলা ছিল। ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া থাকলেও তার পা ছিল বিছানার উপরে। শরীর ঝুলন্ত অবস্থায় ছিলো না। ওই অবস্থার বাড়ির এক বৃদ্ধ গৃহপরিচারিকা তাকে দেখেন এবং উদ্ধার করেন। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ঘটনার সময় বাড়িতে ওই গৃহপরিচারিকা ও বিলকিস আরার দুই সন্তান ছিলেন। 

ওসি বলেন, কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হেফাজতে দেয়া হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখব। 

বিলকিস আরার স্বামী গণি হামিদ বলেন, আমাদের দাম্পত্যে কোন ঝামেলা ছিল না। না আমার কোন অ্যাফেয়ার (বিবাহবহির্ভূত সম্পর্ক) ছিলো, না ওর কোন অ্যাফেয়ার ছিলো। এরপরও কেন সে আত্মহত্যা করলো তা বুঝতে পারছি না। তবে আমাদের পরিবার ও শ্বশুরের পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই। 

গণি হামিদ গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ তথ্য নিশ্চিত করে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, ঘটনার আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হোক। 

Read more — স্থানীয়
← Home