চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য বাতায়নের ৭১ শতাংশ ওয়েবসাইট হালনাগাদ নেই

লাইভ রিপোর্ট ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য বাতায়নের ৭১ শতাংশ ওয়েবসাইট হালনাগাদ নেই

চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য বাতায়নে যুক্ত সরকারি ওয়েবসাইটের ৭১ শতাংশই নিয়মিত হালনাগাদ করা হয় না। ওয়েবসাইটগুলোর উপর সাতটি সূচকে পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক)। রোববার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় ওই পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

সনাক যে সাতটি সূচকের উপর ভিত্তি করে পর্যবেক্ষণ প্রতিবেদন প্রস্তুত করেছে তা হচ্ছে- নোটিশ বোর্ড, খবর, অফিস প্রধানের তথ্য, কর্মকর্তা/কর্মচারীর তথ্য, সেবাসমূহের তথ্য (সেবার তালিকা/সিটিজেন চার্টার), ডিও (তথ্য প্রদানকারী কর্মকর্তা) সংক্রান্ত তথ্য ও যোগাযোগ। 

পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়- ৭৬ টি ওয়েবসাইটের মধ্যে মাত্র ২২টিতে প্রয়োজনীয় সব তথ্য হালনাগাদ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় কারাগার, বীজ প্রত্যয়ন এজেন্সী, জেলা ক্রীড়া অফিস, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ইসলামিক ফাউন্ডেশন, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), জেলা তথ্য অফিস, জেলা সঞ্চয় অফিস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট, জেলা মৎস্য অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস, জেলা সমবায় অফিস ও জেলা পরিষদ। বাকী ৫৪টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হালনাগাদ সব তথ্য পাওয়া যায়নি। ৫টি প্রতিষ্ঠানে কোন তথ্যই হালনাগাদ হয়নি। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিএডিসি (বীজ), বিজিবি, পল্লী সঞ্চয় ব্যাংক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। পর্যবেক্ষণ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দুটি কার্যালয়ের ওয়েবসাইট খোলাই যায়নি। 

প্রতিবেদনটি প্রস্তুত করেছেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটার মো. শফিকুল ইসলাম, সনাক’র ইয়েস সদস্য মোসাঃ নাজমিন খাতুন, মোঃ হাসিব হাসান ও মোসাঃ রাফিয়া ইসলাম। 

ওয়েবসাইট পুরোপুরি হালনাগাদ না থাকা জনগণের তথ্যপ্রাপ্তির অন্যতম অন্তরাই বলে মনে করে টিআইবি। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম বলেন, আমরা আজকের আলোচনা সভায় সরকারি দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ না থাকার বিষয়টি তুলে ধরেছি। পাশাপাশি আটটি সুপারিশও উপস্থাপন করা হয়েছে। 

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনার সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক তথ্য বাতায়ন সম্পর্কে বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে না পারলে উন্নয়ন টেকসই হবে না। সরকারি ও বেসরকারি পর্যায়ের সব কার্যালয়ের তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে। জেলা তথ্য বাতায়নে যুক্ত সব সরকারি দপ্তরের তথ্য হালনাগাদ করার জন্য দপ্তরপ্রধান নির্দেশ দেন তিনি। 

 

Read more — স্থানীয়
← Home