'সার ডিলার নিয়োগ-বিতরণের নতুন নীতিমালা কৃষকের ভোগান্তি বাড়াবে'

চাঁপাইনবাবগঞ্জে বিএফএ'র সংবাদ সম্মেলন

লাইভ রিপোর্ট ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ণ
'সার ডিলার নিয়োগ-বিতরণের নতুন নীতিমালা কৃষকের ভোগান্তি বাড়াবে'

সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা কৃষককে ভোগান্তিতে ফেলবে বলে মনে করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ), চাঁপাইনবাবগঞ্জ শাখার নেতৃবৃন্দ।  তাদের দাবি- নতুন নীতিমালা অনুযায়ী কৃষকের দোরগোড়ায় সার পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়বে।  

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তোরাঁয় বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএফএ, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ আকবর হোসেন। 

লিখিত বক্তব্যে বলা হয়, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন পত্র পত্রিকায় যতোটুক খবর বেরিয়েছে তাতে নতুন নীতিমালায় কৃষকের দোরগোড়ায় সার পৌঁছানো যাবে না।  বরং কৃষককে তার জমি বা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে সার কিনে আনতে হবে।  

নতুন নীতিমালা অনুযায়ী ডিলারের বাইরে আর কোন খুচরা সার বিক্রেতা থাকবে না।  কিন্তু খুচরা বিক্রেতাদের মাধ্যমে হাতের কাছে খুব সহজেই সার কেনার সুযোগ পান প্রান্তিক চাষীরা।  এ সুযোগ বন্ধ হয়ে গেলে চাষীরা বিপাকে পড়বেন। নীতিমালা প্রণয়নের আগে বিএফএ’র জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মতাতম গ্রহণের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এছাড়াও সংবাদ সম্মেলনে, মনোনীতি প্রতিনিধির মাধ্যমে সার উত্তোলন, উৎস কর বাতিল ও কমিশন বাড়ানোর দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএফএ’র জেলা সিনিয়র সহসভাপতি কাজী সেতাউর রহমান, সহ-সভাপতি দানিউল হক, সাধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ সার ডিলাররা। 

 

Read more — স্থানীয়
← Home