পূজাতে নতুন পোশাক পেল ১০ শিক্ষার্থী

লাইভ রিপোর্ট ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ণ
পূজাতে নতুন পোশাক পেল ১০ শিক্ষার্থী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালার ১০ শিক্ষার্থী উপহার হিসেবে পেয়েছে নতুন পোশাক। মঙ্গলবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে তাদের হাতে নতুন পোশাক তুলে দেয়া হয়। পোশাক পেয়ে উচ্ছ্বাসিত মনে বাড়ি ফিরে শিক্ষার্থীরা।

পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সিনিয়র শিক্ষক লুইশ মুরমু, বিমল হাঁসদাক, সাঈদ মাহমুদ, তাকদিরুল ইসলাম, নির্মল কোল, অতিথি শিক্ষক শাহনিনা প্রামাণিক প্রমুখ। 

পোশাক পেয়ে উচ্ছসিত হয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সম্পা টুডু বলে, শারীরিক দুর্বলতার কারণে বাবা ঠিকমত কাজ করতে পারে না। আমাদের কোন ভাই-ও নেই। আমরা দুই বোন এই স্কুলে পড়ি। পূজা শুরু হলেও বাবা আমাদের নতুন পোশাক কিনে দিতে পারেনি। স্যারদের কাছ থেকে আমরা দু’বোন নতুন পোশাক পেলাম। খুব খুশি লাগছে। স্যারেরা আমাদের খুব ভালোবাসেন। 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আদিতো হাসদা বলে, আমরা তিন ভাই-বোন বাবুডাইং আলোর পাঠশালায় পড়ি। এবার পূজাতে বাবা এখনও নতুন পোশাক কিনে দেয়নি। মন খারাপ ছিল। কিন্তু স্যারেরা আমাদের নতুন পোশাক দিল। খুব আনন্দ হচ্ছে। নতুন পোশাক পড়ে প্রতিমা দেখতে যাবো আজ। 

আলী উজ্জামান নূর বলেন, আমরা খোঁজ রেখেছিলাম পূজাতে কোন শিক্ষার্থীদের নতুন পোশাক কিনে দিতে পারেনি পরিবার। পরে কিছু শিক্ষক ও কয়েকজন শিক্ষানুরাগীর আর্থিক সহযোগিতায় ১০ শিক্ষার্থীকে নতুন পোশাক কিনে দেয়া হয়। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে উঠে। তা দেখে আমাদের মনও ভালো হয়ে গেছে। 

 

Read more — স্থানীয়
← Home