চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি

লাইভ রিপোর্ট ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার দুর্গাপূজার মণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা বিসর্জন পর্যন্ত মণ্ডপ ও আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিজিবি সদস্যরা। বিজিবি কর্মকর্তারা বলছেন- সীমান্ত এলাকায় দুর্গাপূজাকে ঘিয়ে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।  

চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির তিনটি ব্যাটালিয়ন দায়িত্বপালন করে। এরমধ্যে দুর্গাপূজার নিরাপত্তায় ৫৩ ব্যাটালিয়নের ৬ প্লাটুন, ৫৯ ব্যাটালিয়নের ৬ প্লাটুন ও ১৪ ব্যাটালিয়নের ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, পূজাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মণ্ডপগুলোতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী গ্রামের মণ্ডপে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে তাদের। ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন বলেন, সীমান্তের মণ্ডপ ঘিরে বিজিবি সদস্যরা কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। কোনভাবেই দুর্গাপূজার আনন্দ আয়োজনে সমস্যা হতে দেবে না তারা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, মণ্ডপগুলোতে বিজিবি সদস্যরা নিয়মিত যাচ্ছেন। তারা যে নিরাপত্তা দিচ্ছেন তাতে আমরা সন্তুষ্ট। তাছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও করছি না আমরা।

Read more — স্থানীয়
← Home