রাগে রোগীর কাগজপত্র ছিঁড়ে ফেললেন চিকিৎসক!

রামেক হাসপাতাল

লাইভ রিপোর্ট, রাজশাহী ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
রাগে রোগীর কাগজপত্র ছিঁড়ে ফেললেন চিকিৎসক!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ভর্তি সংক্রান্ত কাগজপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় এঘটনা ঘটে। 

ভুক্তভোগী রোগীর নাম নয়ন (১৭)। তিনি রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়ার অটোচালক মাসুম আলীর ছেলে।

নয়নের বাবা মাসুম আলী ছেঁড়া কাগজপত্র নিয়ে এসে অভিযোগ করে বলেন, রোববার প্রতিবেশীর হামলায় নয়ন জখম হয়। ওইদিন রাত ১০টার দিকে তাকে ভর্তি করা হয় রামেক হাসপাতালে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রাউন্ডে এসে এক ডাক্তার হঠাৎ করেই রোগীর ভর্তি সংক্রান্ত কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন। কারণ জানতে চাইলে রাগান্বিত হয়ে রোগীর মাকে বলেন ‘এরা তো ডাকাত, রাতের বেলা চুরি-চামারি করে, মারামারি করে আর দিনের বেলায় চিকিৎসা নিতে আসে’। এদের চিকিৎসা হবে না। পরে নয়নকে চিকিৎসা না দিয়েই অন্য রোগীর কাছে চলে যান।

এদিকে রোগীর কাগজপত্র ছিঁড়ে ফেলায় বিপাকে পড়েন রোগী ও সঙ্গে থাকা মা-বাবা। তবে তারা ডাক্তারের নাম জানাতে পারেন নি।

মাসুম আলী অভিযোগ করেন, এবিষয়ে তিনি পরিচালকের কাছে অভিযোগ দেবেন। এ ব্যাপারে মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাসের সঙ্গে। তবে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফএম শামিম আহমেদ বলেন, বিষয়টি অবগত নই। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

 

Read more — স্থানীয়
← Home