চাঁপাইনবাবগঞ্জে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

লাইভ রিপোর্ট ৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা

কয়েকদিনের বৃষ্টি ও আমদানি বন্ধের অজুহাতে চাঁপাইনবাবগঞ্জে অস্বাভাবিক দাম বেড়েছে কাঁচা মরিচের। জেলা শহরের নিউ মার্কেটসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য জানা গেছে। 

সরেজমিনে দেখা যায়, নিউ মার্কেটে সব ব্যবসায়ীর কাছে মিলছে না কাঁচা মরিচ। কয়েকজনের কাছে থাকলেও তা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা জানান, এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১১০ টাকা। গতকাল বৃহস্পতিবারই নিউ মার্কেটে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজি। নিউ মার্কেটের এক ব্যবসায়ী বলেন, পাইকারী বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। তাই পারকারিই কিনতে হয়েছে ৩২০ টাকা কেজি দরে। 

অবশ্য শহরের পুরাতন বাজারে কাঁচা মরিচের খুরচা দাম নিউ মার্কেটে চেয়ে ২০ টাকা কম রয়েছে। এ বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে। 

ব্যবসায়ীদের দাবি কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে মরিচের সরবরাহ কমে গেছে। এদিকে দুর্গাপূজার টানা আটদিনের ছুটির কারণে সোনামসজিদ স্থলবন্দর দিয়েও কাঁচা মরিচের আমদানি বন্ধ হয়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহনাজ পরভীন বলেন, বৃষ্টিতে মরিচ গাছ ক্ষতিগ্রস্ত হয় এটা সত্য। এদিকে কাঁচা মরিচের আমদানিও বন্ধ। যে কারণে বাজারে সরবরাহ কিছুটা কমেছে। পূজার ছুটির শেশে মরিচ আমদানি হলেই দাম আবার স্বাভাবিক হয়ে যাবে। 

 

Read more — স্থানীয়
← Home