জাকসু ও হল সংসদ নির্বাচন, প্রথম দিনে মনোনয়ন ফরম নিলেন ১৩২ জন

উত্তরা প্রতিবেদক ১৯ আগস্ট ২০২৫, ০৫:১০ অপরাহ্ণ
জাকসু ও হল সংসদ নির্বাচন, প্রথম দিনে মনোনয়ন ফরম নিলেন ১৩২ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে ১৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন।

এবার হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের প্রতিটি ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। মনোনয়ন ফরম বিতরণ শেষে বিকাল ৫টায় প্রেস ব্রিফিং করে নির্বাচন কমিশন।

এ সময় নির্বাচন কমিশনের সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, নির্বাচনের তফসিল অনুসারে সকাল থেকে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৪৬টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া ২১টি আবাসিক হলে হল সংসদ নির্বাচনের জন্য এখন পর্যন্ত ৮৬টি মনোনয়ন ফরম শিক্ষার্থীরা সংগ্রহ করেছেন। আরও একদিন সময় আছে। এ সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।

অপরদিকে নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের জন্য সময় দেওয়া হয়েছে মাত্র দুই দিন। তবে এ সময় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এজন্য আজ শিক্ষার্থীদের প্রতিনিধিরা এসে নির্বাচন কমিশন বরাবর এ সময় বৃদ্ধির জন্য লিখিত আবেদন জমা দিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক রাশিদুল বলেন, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময় বৃদ্ধির জন্য একটি আবেদন পেয়েছি। এ বিষয়ে সোমবার রাতে নির্বাচন কমিশন আলোচনায় বসবে। তারপর সিদ্ধান্ত জানানো হবে।

Read more — শিক্ষা
← Home