চাঁপাইনবাবগঞ্জ এসে শৈশবের স্মৃতি রোমন্থন করলেন দুদক কমিশনার

লাইভ রিপোর্ট ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ এসে শৈশবের স্মৃতি রোমন্থন করলেন দুদক কমিশনার

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজি। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে খেলার উদ্বোধন শেষে বক্তব্যে নিজের শৈশবে ফিরে যান তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজি যেমন অগ্রজদের প্রতি বারবার সম্মান দেখিয়েছেন তেমনি মনে করে অনুজদের কথাও বলেছেন।  

মিঞামুহাম্মদ আলী আকবার আজিজি বলেন, জেলা প্রশাসকের অনুরোধে এখানে আসবার যে সুযোগ পেয়েছি, এটি একটি দুর্লভ সুযোগ। চাঁপাইনবাবগঞ্জে আমি হরিমোহন গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি পাস করেছি। তার আগে টাউন হাইস্কুলে পড়েছি। আমি যখন স্কুল থেকে বেরিয়ে আসতাম তখন সাইন্স ল্যাবরেটরির মাঠে মিতালী সংঘের কচি-কাচারা খেলতো। তারা আমার অনুজপ্রতীম, তাদের মধ্যে এখানে তৌফাকে দেখতে পাচ্ছি। জেনারেল বাকী এই মাঠে খেলতো। আমাদের সেন্টু ভাই খেলা পরিচালনা করতেন। অ্যাডভোকেট ভুতু বাবু মিতালী সংঘের অভিভাবক ছিলেন। দুটি খুব ভালো দল সবুজ সংঘ ও মিতালী সংঘের পাশাপাশি আরেকটি দল ছিল নবারুণ সংঘ। আমি মিতালীতেও যোগদান করেছিলাম আবার নবরুণ সংঘেও যোগদান করেছিলাম। নবারুণ সংঘের মেম্বাররা আমার চেয়েও সিনিয়র ছিলেন। আজকে এই খেলার মাঠে এসে আমার উচিত হবে পরম শ্রদ্ধেয় যে অগ্রজরা চলে গেছেন তাঁদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করা। 

তিনি বলেন, অ্যাডভোকেট ভুতু বাবু, মেশবাহুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন, এরা খেলাকে প্রমোট করতেন। তাছাড়া লক্ষ্মী বাবু আমাদের ক্রীড়া শিক্ষক ছিলেন, তিনিও আমাদের খেলাধুলায় অত্যন্ত উৎসাহিত করতেন। আমি আমার অগ্রজদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এতদঞ্চলে বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, আমাদের একজন বীরশ্রেষ্ঠ সোনামসজিদে শায়িত আমি তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি। যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করছি এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। 

Read more — সারাদেশ
← Home